৯৫ শতাংশ এনএফটিই এখন মূল্যহীন!

২৪ সেপ্টেম্বর, ২০২৩ ২২:০৩  

দেড় বছর আগেও (২০২১ সাল) এনএফটি বা নন ফানজিবল টোকেনের বাজারের আকার ছিলো দুই হাজার দুইশো কোটি ডলার। শিল্পী, তারকা থেকে শুরু করে সাবেক মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প পর্যন্ত নামী ব্যক্তিদের কাছে দারুণ জনপ্রিয় ছিলো এই ডিজিটাল টোকেন। কিন্ত এরইমধ্যে মূল্যহীন হয়ে পড়েছে
৯৫ শতাংশ এনএফটি।

ড্যাপগ্যাম্বলের একটি প্রতিবেদন বলছে,ডিজিটাল টোকনে প্রায় দুই কোটি ৩০ লাখ উৎসাহী বিনিয়োগকারীর বিনিয়োগ এখন অন্তসারশূন্য হয়ে উঠেছে। এনফটি স্ক্যান এবং কয়েন-মার্কেট-ক্যাপের ৬৯ হাজার সাতশো ৯৫টি এনএফটি সংগ্রহের ডেটা পর্যবেক্ষণ করে এই প্রদিবেদন তৈরি করা হয়েছে বলে খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনটি বলছে, সব এনএফটির ৭৯ শতাংশ অবিক্রীতই রয়ে গেছে, এবং যেহেতু যোগানের তুলনায় যথেষ্ট চাহিদা নেই, তাই গবেষকদলটি একে চিহ্নিত করেছেন “উচ্চ ঝুঁকিপূর্ণ এবং হুজুগনির্ভর বাজার” বলে।
গবেষকদলটি পরিবেশগত ঝুঁকিও পর্যবেক্ষণ করেছেন, তারা এক লাখ ৯৫ হাজার ছয় ৯৯ টি এনএফটি শনাক্ত করেছেন, যাদের ক্রেতা পাওয়া যায়নি এবং তারা দেখিয়েছেন সেগুলো তৈরি করতে লেগেছে দুই কোটি ৭৭ লাখ কিলোওয়াটের চেয়েও বেশি বিদ্যুৎ, যা আনুমানিক ১৬ হাজার দুইশো ৪৩ টন কার্বন নিঃসরণ করেছে।